লন্ডনে বাংলাদেশ বইমেলায় কিশোরী জয়নাব চৌধুরীর ‘A Leap Into The Unknown’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সালেহ আহমদ (স’লিপক): লন্ডনের টাওয়ার হ্যামলেটসের উদীয়মান সাহিত্য প্রতিভা ও সিভিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১২ বছর বয়সী কিশোরী লেখিকা জয়নাব চৌধুরীর দ্বিতীয় বই A Leap Into The Unknown-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (২৭ জুন) ব্রিটেনের লন্ডনের ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ১৪তম বাংলাদেশ বইমেলা ২০২৬-এর মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রুপা চক্রবর্তী, সোয়ানলী স্কুলের হেড অব ইয়ার মিস মারবিচ, ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর ফয়সাল আহমেদ, কাউন্সিলর মিনারা খাতুন, কাউন্সিলর আব্দুল মান্নান, শিক্ষিকা মিস ও’নীল, সাংবাদিক এ কে এম আবু তাহের চৌধুরী, অনুবাদক আনিসুজ্জামানসহ সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্যচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে জয়নাব চৌধুরী একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাত্র ১২ বছর বয়সে দুটি বই প্রকাশের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, সাফল্যের পথে বয়স কখনো বাধা হতে পারে না। তাঁর অধ্যবসায়, সৃজনশীলতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

এ সময় জয়নাব চৌধুরীকে Young Literacy Excellence Award প্রদান করা হয়।

বইটির প্রকাশ উপলক্ষে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিশেষ করে লন্ডনের মেয়র লুৎফুর রহমান এক শুভেচ্ছাবার্তায় বলেন, “তোমার দ্বিতীয় বই প্রকাশের জন্য আন্তরিক অভিনন্দন। এত অল্প বয়সে সাহিত্যচর্চার প্রতি তোমার নিষ্ঠা আমাদের সবার জন্য গর্বের।”

অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে জয়নাব চৌধুরী বলেন, “আমি বিশ্বাস করি, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়; বরং ব্যক্তিগত বিকাশ এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম।”

উল্লেখ্য, মানবিক উদ্যোগের অংশ হিসেবে জয়নাব চৌধুরী বইমেলায় তাঁর বই বিক্রির অর্থ ফিলিস্তিন ও ইয়েমেনের শিশুদের সহায়তায় দান করেন। তাঁর বইগুলো লন্ডনের বিভিন্ন লাইব্রেরি এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাওয়া যাচ্ছে।

A Leap Into The Unknown মূলত প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয়ে উত্তরণের অভিজ্ঞতা নিয়ে রচিত। জীবনের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়কার অনুভূতি, চ্যালেঞ্জ, উদ্বেগ, সম্ভাবনা ও স্বপ্ন বইটিতে সাবলীলভাবে তুলে ধরা হয়েছে।

জয়নাব চৌধুরীর সাহিত্যকর্ম, অর্জন এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তাঁর ওয়েবসাইট www.zaynabchowdhury.com⁠�-এ পাওয়া যায়।

জয়নাব এমন একটি পরিবারে বেড়ে উঠেছেন, যার শিকড় শিক্ষা, জনসেবা ও সমাজকল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাঁর দাদি রুনা বেগম (বিএ, বিএড) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একজন শিক্ষক হিসেবে দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে অবদান রেখে বহু শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Source: anupomnews24.com

Scroll to Top